রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসুন্ধরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ছিলেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে খতিব পদ থেকে অপসারণ করে।



মন্তব্য