সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশকে অর্থায়নের জন্য যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করে ডিএফসি। এর ফলে প্রতিষ্ঠানটির কাছ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বেসরকারি উদ্যোগের জন্য অর্থায়নের আবেদন করতে পারবে বাংলাদেশ।
নতুন এই সুযোগের আওতায় অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থায়ন পাওয়া সম্ভব হবে। পাশাপাশি বড় প্রকল্পের জন্য অন্য আন্তর্জাতিক ঋণদাতা বা বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও সুবিধা মিলতে পারে।
ডিএফসি সরাসরি ঋণ দেওয়ার পাশাপাশি প্রকল্পে অর্থায়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ করে থাকে। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতা, মুদ্রা বিনিময়ের ঝুঁকি, সরকারি হস্তক্ষেপ কিংবা সহিংসতার কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে নির্দিষ্ট শর্তে বিমা সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। অন্য উৎস থেকে নেওয়া ঋণের বিপরীতে গ্যারান্টি দেওয়ার সুযোগও আছে।
ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশকে এই যোগ্যতা দেওয়ার ফলে দেশে বিনিয়োগের ঘাটতি কমানো এবং অর্থায়নের অভাবে আটকে থাকা বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়নে সহায়তা পাওয়া যাবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, জরুরি সেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অর্থায়নের নতুন উৎস পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। ডিএফসি থেকে সরাসরি বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ না মিললেও প্রতিষ্ঠানটির গ্যারান্টি ও বিমা সুরক্ষা ব্যবহার করে অন্যান্য আন্তর্জাতিক উৎস থেকে বড় অর্থায়ন পাওয়া সহজ হতে পারে।
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ডিএফসির মতো আন্তর্জাতিক সংস্থার নিশ্চয়তা থাকলে ঋণদাতাদের কাছে বিনিয়োগের ঝুঁকি তুলনামূলক কম বলে বিবেচিত হবে। এতে দীর্ঘমেয়াদি ঋণ এবং কম সুদের বিষয়ে দর-কষাকষিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হতে পারে।
কী এই ডিএফসি?
ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের একটি আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা। বিভিন্ন দেশে বেসরকারি খাতের বিনিয়োগে সহায়তা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করে প্রতিষ্ঠানটি।
ডিএফসির বিনিয়োগ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগকারীদের জন্য সুযোগ তৈরি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখে সংস্থাটি।



মন্তব্য